ছবিটি তোলা হয়েছিল ৭ই মে, ২০২৫
"মায়ের বয়স বাড়ছে, পৃথিবীতে এরচেয়ে বড় দুঃসংবাদ দ্বিতীয়টি নেই।"
সময়, দিও না আর তাড়া
যে হাত দুটো বিশ্ব ছিলো, সামলে নিতো ঝড়,
আজ দেখি সেই হাতের পাতায় বয়স্ক বালুচর!
কাজল-কালো চুলের ভাঁজে রুপালি মেঘদল,
লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসে জমছে চোখের জল।
যে মানুষটার ক্লান্তি ছিলো না, পাহাড়-সমান অটল,
তারই কি আজ অল্প হাঁটলে শরীর করে টলমল?
ভয় হয় খুব, বুকের ভেতর শূন্যতা দেয় ডাক,
সময় কেন হঠাৎ এমন নিচ্ছে নিঠুর বাঁক!
ছোটবেলায় আঁচল ধরে কাটতো সারা বেলা,
আমার জন্য মা সয়েছে জগতের সব হেলা।
আজ যখন সেই চিরচেনা মুখের দিকে চাই,
বুকের ভেতর ভাঙন ধরে, কোথাও শান্তি নাই।
মহাবিশ্বের পতন কিংবা তারার খসে পড়া,
এর কোনোটিই নয়তো এমন বুকের ভেতর গড়া।
সবচেয়ে বড় আর্তনাদ আর সবচেয়ে বড় ভয়;
আমার মায়ের বয়স বাড়ছে, সময় হচ্ছে ক্ষয়!
ঈশ্বর যদি পারতো দিতে একটুখানি ধার,
আমার আয়ু দিতাম ঢেলে, ঘুচতো অন্ধকার।
সময় তুমি থমকে দাঁড়াও, দিও না আর তাড়া,
আমার জগত অন্ধ হবে ওই মুখটা ছাড়া!
রচনাকাল: ২৬শে এপ্রিল, ২০২৬ ইং