শেষ আলিঙ্গন - বুলেটকে উৎসর্গ করা কবিতা | দূর্জয় দাশ জয়

শেষ আলিঙ্গন

অকালে চলে যাওয়া প্রিয়জনের জন্য এক হৃদয়বিদারক বিলাপ

শেষ আলিঙ্গন

চতুর্দিকে আজ স্তব্ধ বাতাস, থমকে আছে নীরবতা,
রক্তমাখা ওই শরীরে, হারিয়ে গেছে কত কথা!
বুকের ওপর মুখ লুকিয়ে, একটি নারী কাঁদছে একা,
দুজনের এই জনমেতে, শেষবারেরই এই তো দেখা।

ফিরবে বলে যে মানুষটা, দিয়েছিলো ঠিক কথা,
তার বদলে ফিরলো যেন, জমাট নীরবতা!
রক্তমাখা শার্টের বুকে, মুখটি গুঁজে কেঁদে,
অবুঝ নারী খুঁজছে জীবন, মায়ার বাঁধন বেঁধে।

কিসের নেশায়, কোন সে লোভে, কাড়লি এমন প্রাণ?
তার বুক-ভাসানো কান্নায় আজ, আকাশ ম্রিয়মাণ।
যে মানুষটার হাতটি ধরে, যেতো বহুদূর,
তার কপালেই এঁকে দিলি, মৃত্যু নামক সুর!

যে দৃশ্যটা কাঁদিয়ে গেলো, থমকে দিলো বুকের শ্বাস,
হঠাৎ যদি নিজের ঘরেই, নেমে আসে এমন ত্রাস!
ভাবতে গেলেই শিউরে উঠে, আত্মা যেন আঁতকে রয়,
এমন কঠিন অকাল বিদায়, যেন পৃথিবীতে কারো না হয়।

জড়িয়ে ধরা বুকের ভেতর, নেই কোনো স্পন্দন,
শেষবারের এই আলিঙ্গনে, শুধুই বিলাপ-ক্রন্দন।
চিরঘুমে প্রিয়জন গেলে, জাগানো যায় না আর,
জীবিত বুকে পড়ে থাকে শুধু, বিচ্ছেদের হাহাকার।

যেতে তো হবেই সবাইকে, এই পৃথিবীর মায়া ছেড়ে,
কিন্তু কেন এমন করে, মৃত্যু নেবে জীবন কেড়ে?
রক্তমাখা এই বিচ্ছেদের, বিচার যেন সঠিক হয়,
শেষ আলিঙ্গন জানিয়ে দিক, ভালোবাসার মৃত্যু নয়।

কলমে: দূর্জয় দাশ জয়
রচনাকাল: ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন